নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, সাবেক পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, পরিচালক আবদুল ওযাদুদ ও কাজী এটিএম শফিক উদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ জামিল এবং সৌদি আরবের ব্যবসায়ী শেখ ফরিদ খোকন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও শিক্ষা প্রদর্শনীসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মাদ্রাসার সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিজয়ী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


হিমেল আহাম্মেদ 
























