হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম রাউন্ডে ২০ পারা হিফজ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে বসুরহাটের দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান।
গত শনিবার (৩১ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার আল-কারিম হিফজ মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন বিভাগে মোট ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পবিত্র কোরআন মুখস্থ ও তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করে ২০ পারা হিফজ বিভাগে চতুর্থ স্থান অর্জন করে আদনান। তার এ সাফল্যে দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের নোয়াখালী জেলা সেক্রেটারি আমির হামজা বিজয়ীদের হাতে প্রাথমিকভাবে ‘ইয়েস কার্ড’ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং দারুল উলুম একাডেমি মাদ্রাসার সুনাম ও শিক্ষার মানের প্রশংসা করেন।
উল্লেখ্য, দারুল উলুম একাডেমি মাদ্রাসা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া মাস্টারপাড়ায় অবস্থিত। প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
কোরআন প্রতিযোগিতায় আদনানের এ অর্জন তার অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা ও প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের প্রতিফলন। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে আরও ভালো ফলাফল অর্জন করবে।


নিজস্ব প্রতিবেদক 














