‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও নোয়াখালী জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা বলেন, নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে। দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে যুবসমাজকে সময়োপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে তিনটি যুব সংগঠনের মধ্যে মোট ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী এবং তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।


হিমেল আহাম্মেদ 














