নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সিঁড়ির নিচে আটকে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে পানির ওপর ভেসে উঠতে না দেখে তার দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে, ১১ বছর বয়সী স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


কবিরহাট উপজেলা প্রতিনিধি 























