নোয়াখালীর সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, দোকান ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে যুবদল নেতা ইসমাইল হোসেন এরশাদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ইমরান হোসেন প্রকাশ পলাশ (৩৩) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ইসমাইল হোসেন এরশাদ (৩০) উপজেলার জয়াগ ইউনিয়নের জুগিরখিল পাড়ার একাদুল্লার ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়াগ বাজারের সিএন্ডবি সড়কের উত্তর পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরান (৭৫)-এর পৈতৃক সম্পত্তিতে পুরোনো দোকান ভেঙে নতুন দোকান নির্মাণের কাজ চলছিল। এ সময় ইমরান হোসেন প্রকাশ পলাশ (৩৩), আবু বক্কর ছিদ্দিক (৫১), ইসমাইল হোসেন এরশাদ (৩০), রুবেল (২৯) ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দোকান নির্মাণে বাধা দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর রাত ১০টার দিকে অভিযুক্তরা নির্মাণাধীন দোকানের দেয়াল ভেঙে ইটগুলো পাশের পুকুরে ফেলে দেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে ১৮ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সেখানে হামলা চালান। এ সময় প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া পরদিন ১৯ নভেম্বর সকালে অভিযুক্তরা আবারও দোকানে প্রবেশ করে নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ করে দেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ইমরান হোসেন প্রকাশ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইল হোসেন এরশাদসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিজস্ব প্রতিবেদক 




















