নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলার কারণে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর ১৬২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের সওদাগরহাট জামে মসজিদের কবরস্থান থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত।
নিহত গৃহবধূর নাম বিবি মরিয়ম। এ ঘটনায় তার বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেন।
মামলার সাত আসামি হলেন নিহতের স্বামী মো. ইয়াকুব আলী, শাশুড়ি লাইলী বেগম, শ্বশুর মো. হানিফ, লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ, হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আরিফ ও নার্স তাসলিমা।
মামলার অভিযোগ ও আদালতের নথি সূত্রে জানা যায়, গত ৭ জুন বেলা ১১টার দিকে সন্তান প্রসবের জন্য স্থানীয় লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে যান বিবি মরিয়ম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে স্বজনদের না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নোয়াখালী জেলা শহরে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই ৮ জুন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে বিবি মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার শ্বশুরবাড়ির লোকজন। অন্তঃসত্ত্বা অবস্থায়ও তাকে মারধর করা হয়। একপর্যায়ে অপচিকিৎসা ও চিকিৎসায় অবহেলার কারণে তার গর্ভপাত ঘটে। এসব ঘটনার ধারাবাহিকতায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
বাদী জামাল উদ্দিনের অভিযোগ, তার মেয়ের মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতন, অপচিকিৎসা ও চিকিৎসায় অবহেলার বিষয় রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, গত ১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক ফারজানা আক্তার মামলাটির শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগ ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আদালতের আদেশে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা, মৃত বিবি মরিয়মের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এজাহার রেকর্ডসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লাশ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


সুবর্নচর প্রতিনিধি 


















