নোয়াখালীর সেনবাগে এক পিস ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ল্যাব টেকনিশিয়ান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আটক ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি একসময় বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। পরে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
পরবর্তীতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে জানা গেছে। তিনি গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন বলে ইউএনওর কাছে জানান।
পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, হুমায়ুন কবির দুই সন্তানের জনক।


সেনবাগ প্রতিনিধি 


















