নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সামনে রেখে সাত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে হাজী মো. ইব্রাহিম খলিল, জাফর আহমদ ভূঁইয়া ও মো. করিম রাসেল পরিষদ।
শনিবার (১৪ নভেম্বর) নোয়াখালীর নবাব কনভেনশন হলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক আলোচনা সভায় এ ইশতেহার ঘোষণা করা হয়। এতে সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার সংরক্ষণ, মার্কেটের বহুতল ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন, সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কমিশনার মো. দেলোয়ার। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন হাজী মো. ইব্রাহিম খলিল, আলহাজ্ব জাফর আহমদ ভূঁইয়া, মো. করিম রাসেল, মো. মোস্তফা, মো. ফেরকান উদ্দিন, মো. রাশেদুল আলম চৌধুরী (মিঠু), হাজী মো. গোলাম রহমান, মো. মোজাম্মেল হোসেন (মিলন) ও মো. সাইফুল্লাহ শোকন।
আলোচনা সভায় সমিতির বর্তমান পরিস্থিতি, সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া, মার্কেটের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নির্বাচিত হলে সদস্যদের স্বার্থ রক্ষা ও সমিতির সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পরিষদের নেতৃবৃন্দ।
### ইশতেহারে রয়েছে সাত দফা প্রতিশ্রুতি
ঘোষিত সাত দফা নির্বাচনী ইশতেহারে মার্কেটের বহুতল ভবনের উন্নয়ন, সমিতির সম্পত্তি বণ্টন, দোকান বরাদ্দ এবং আর্থিক স্বচ্ছতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
**প্রথম দফা:** মার্কেটের বহুতল ভবনের প্ল্যান এখনো অনুমোদিত হয়নি। নির্বাচিত হলে ডেভেলপারের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ভবনের প্ল্যান অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
**দ্বিতীয় দফা:** ডেভেলপারের সঙ্গে চুক্তি অনুযায়ী বহুতল ভবনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের দোকানঘর বুঝিয়ে দেওয়া হবে।
**তৃতীয় দফা:** বিদ্যুৎ অফিসের পেছনে সমিতির ৯২ ডিং সম্পত্তি বর্তমানে ভরাট অবস্থায় রয়েছে। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই সম্পত্তি ২৩৪ জন সদস্যের মধ্যে প্লট আকারে লটারির মাধ্যমে সমহারে বণ্টনের উদ্যোগ নেওয়া হবে।
**চতুর্থ দফা:** সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে।
**পঞ্চম দফা:** সদস্যদের দোকানঘর বর্তমানে যে অবস্থানে রয়েছে, নতুন বরাদ্দেও সেই অবস্থান বহাল রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
**ষষ্ঠ দফা:** সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রতি মাসের শেষে অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে, যাতে সদস্যরা নিয়মিত আর্থিক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন।
**সপ্তম দফা:** বার্ষিক সাধারণ সভায় প্রত্যেক সদস্যের বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে। সদস্যরা যেন স্বাধীনভাবে নিজেদের মতামত, অভিযোগ ও দাবি-দাওয়া তুলে ধরতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।
### ২১ নভেম্বর ভোটগ্রহণ
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে সামনে রেখে হাজী মো. ইব্রাহিম খলিল, জাফর আহমদ ভূঁইয়া ও মো. করিম রাসেল পরিষদের পক্ষ থেকে সমিতির সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করা হয়েছে।
সমিতির সদস্যদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করবেন, তারা সদস্যদের অধিকার রক্ষা, মার্কেটের উন্নয়ন, সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
সব মিলিয়ে আসন্ন নির্বাচন ঘিরে সমিতির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা। এখন দেখার বিষয়, নির্বাচনে সদস্যরা কাদের ওপর আস্থা রাখেন এবং নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন।


মো:আরিফ হোসেন 
























