নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যার পর একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে র্যাব। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তবে কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। কিন্তু রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করছিলেন।
র্যাবের তথ্যমতে, চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হওয়ার পর রাসেল তাঁদের বাড়িতে আরও বেশি যাতায়াত শুরু করেন।
গত ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল করে তাঁকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ একটি কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়। গত বৃহস্পতিবার পুলিশ ওই স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার ভিত্তিতে র্যাব-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


চাটখিল প্রতিনিধি- 





















