নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. আবুল বাশার (৫২) ও জাহিদুর রহমান ফারুক (৪৫) এবং সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের নাহিদুল ইসলাম ফাহিম (২৬) ও আবু বক্কর সিদ্দিক ওরফে রুবেল (৩৬)।
পুলিশের রেকর্ডপত্র যাচাইয়ে দেখা গেছে, আটক চারজনের বিরুদ্ধেই কবিরহাট থানায় পূর্বে একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এদিকে একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


কবিরহাট উপজেলা প্রতিনিধি 


















