নোয়াখালী সদর উপজেলায় এক কৃষকের ২০ শতক জমির সব টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক মুহূর্তেই শেষ হয়ে গেছে কৃষক মনিরের দীর্ঘদিনের পরিশ্রম ও ফসল ঘিরে দেখা স্বপ্ন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কালাদরপ ইউনিয়নের পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. মনির।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মনির উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেন। দীর্ঘদিন ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলেন তিনি। প্রতিটি গাছে ফুল আসার পাশাপাশি টমেটো ধরতেও শুরু করেছিল। আর কিছুদিন পরই ফল সংগ্রহ করে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শনিবার সন্ধ্যায় জমিতে গিয়ে সব টমেটো গাছের গোড়া কাটা অবস্থায় দেখতে পান। নিজের স্বপ্নের ফসল এভাবে ধ্বংস হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কৃষক মনির পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য। ঘটনার পর তিনি বিষয়টি সমিতির নেতৃবৃন্দকে জানান। পরে সমিতির সভাপতি মো. বাবুলসহ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত খেতের অবস্থা দেখেন।
সমিতির সভাপতি মো. বাবুল বলেন, “এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। তাঁর উৎপাদিত ফসল এভাবে নষ্ট করা হলে কষ্টটা অনেক বেশি হয়।
এদিকে, ঘটনাটি সদর উপজেলা কৃষি কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের ভাষ্য, কৃষিকাজের আয়ের ওপর নির্ভর করেই কৃষক মনিরের সংসার চলে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমি শুনেছি। সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে লিখিতভাবে জানানোর জন্য বলেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সদর উপজেলা প্রতিনিধি 
























