
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল কাউসার খান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, উপজেলা বিএনপি নেতা আনিসুল হক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক গোলামুর রহমানসহ আরও অনেকে।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা মুরগির খামারের নিচে মাছ চাষের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব মাছ চাষ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষের বিভিন্ন ক্ষেত্রে ভালো কৃতিত্ব অর্জনকারী একাধিক মৎস্য চাষিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।