নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার, ওয়াকওয়ে ও প্রধান সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে সড়ক দখলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, বসুরহাট বাজারকে যানজটমুক্ত রাখা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বসুরহাট বাজারের যানজট ও অবৈধ দখল সমস্যার স্থায়ী সমাধান হবে।


হিমেল আহাম্মেদ 






















