নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় সংসদ সদস্যের বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, কাউন্সিলর নুরনবী সবুজ, বিএনপি নেতা মমিনুল হক, শওকত হোসেন সগীরসহ তথ্য সংগ্রহকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের কোনো পরিবারই রাষ্ট্রীয় সেবার বাইরে থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে একটি পরিবারের জন্য একটি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীদের প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রাখতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা দল-মতের বিবেচনা করা যাবে না। প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যেন এ কার্ডের সুবিধা পায়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।


হিমেল আহাম্মেদ 
























