নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।
সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দাবি, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটি ইউনিয়ন পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তছনছ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে একদল নেতাকর্মী নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান। সেখানে ‘ওপরের নির্দেশ’ রয়েছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলা হয়। ওই সময় পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধন কার্যক্রম চলছিল।
পরে চেয়ারম্যান নিজ কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতাকর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং পরিষদের সচিবসহ অন্য কর্মচারীদের বের করে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন সংশ্লিষ্ট ডিলার।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, ‘বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।’
আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিছু কর্মকাণ্ডের কারণে ক্ষুব্ধ হয়ে তারা এমনটি করেছেন।
ইউএনও আরও বলেন, ‘আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।’
এ ঘটনায় আটটি ইউনিয়ন পরিষদে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণ ব্যাহত হয়েছে।


চাটখিল প্রতিনিধি- 





















