নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব ও ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পদত্যাগ করেননি; বরং উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বরকত উল্লাহ বুলুর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হলে বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। দলটির দাবি, তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. উসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।
তিনি জানান, ড. উসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব বলা হলেও ড. উসমান ফারুকের পদত্যাগের বিষয়টি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


হিমেল আহাম্মেদ 























