‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ও হাসপাতাল গেট এলাকায় আয়োজিত এ অভিযানে অংশগ্রহণ করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌরসভার বাজার পরিদর্শক করিমুল হক সাথী, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক।
এ সময় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “মশার উপদ্রব কমাতে পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।”
তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


হিমেল আহাম্মেদ 






















