নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিক্রির টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেটের পূর্ব পাশে দ্বিতীয় তলায় গনি কনস্ট্রাকশন অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার মিজানুর রহমান শরীফ (৩২) ও সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর এলাকার মো. আব্দুল হান্নান সেন্টু (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আশিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মিজানুর রহমান শরীফের দেহ তল্লাশি করে আনুমানিক ৩ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। যার মধ্যে ২০ পিস ইয়াবা ও এক গ্রাম ইয়াবার গুঁড়া ছিল। এছাড়া মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় আটক ব্যক্তি ইয়াবার একাংশ গুঁড়া করে নষ্ট করার চেষ্টা করেন।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।


নিজস্ব প্রতিবেদক 



















