চট্টগ্রামের পাহাড়তলী থেকে যৌথ অভিযানে আটক
নোয়াখালীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আমির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. হারুন ওরফে হারুন ড্রাইভার ও মো. নিজাম। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেনের বিরুদ্ধে সাতটি এবং হারুনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১১ নোয়াখালীর কমান্ডার মিঠুন কুমার কুন্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের নূর জাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে এসআরবি-১১ নোয়াখালীর আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার কাজীর দিঘী এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন, হারুন ও নিজামকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


হিমেল আহাম্মেদ 




















