নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোলাম মেহেদী ও জাহিদুল ইসলাম শাহিনসহ আরও দুজন। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
মামলায় বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গভীর রাতে কোম্পানীগঞ্জ থানা ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিজস্ব প্রতিবেদক 


















