নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ৩টার দিকে বসুরহাট–কবিরহাট সড়কের করালিয়া অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের ওই সময়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি মুখোশ পরে ও হাতে মশাল নিয়ে সড়কে ঝটিকা মিছিল করেন। মিছিল চলাকালে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে তারা জানান।
এ সময় মিছিল থেকে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দেওয়া হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
এদিকে, মিছিলটির প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সত্যতা ও ধারণের সময় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পুলিশি অভিযান ও তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


নিজস্ব প্রতিবেদক 























