নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান এবং লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইসমাইল জবিউল্লাহ নবীন শিক্ষার্থীদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি নবীন শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার, নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার এবং অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হাসান উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এবং নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ আজাদ।
এর আগে একই দিন সকালে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ।
নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


হিমেল আহাম্মেদ 























