নিজস্ব প্রতিবেদক |
নোয়াখালীর খবর অনলাইন
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হচ্ছেন এই জেলার মানুষ। কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলায় চলছে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি। এবার সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন।
পলাশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামে। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পোস্ট করেন—
“নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”
মুহূর্তের মধ্যেই তার এই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যে দেড় হাজারের বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন, কমেন্ট পড়েছে সাড়ে ১১ হাজারেরও বেশি, আর লাইক দিয়েছে প্রায় ৭০ হাজার ফলোয়ার।
বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে নিয়মিত কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি একাধারে অভিনেতা ও পরিচালক। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।
২০১৮ সালে প্রচারিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম সিজন থেকেই শহুরে মেসজীবনের হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে তৈরি চরিত্র ‘কাবিলা’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। বর্তমানে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে, এবং পলাশের জনপ্রিয়তাও রয়ে গেছে আগের মতোই।
পলাশের এই পোস্টে নোয়াখালীবাসী ও ভক্তদের অনেকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন—
“আমরাও চাই নোয়াখালী বিভাগ, কাবিলার কণ্ঠে এখন সবার দাবি।”

