নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি গঠনের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্যসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যবিশিষ্ট সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্যসচিব করা হয়।
কমিটি অনুমোদনের প্রায় ৪ ঘণ্টা ২৭ মিনিট পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।’
পরে মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জানান, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি।
কমিটি অনুমোদনের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
খন্দকার দিদারুল আলম আরও বলেন, প্রাথমিকভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন।
এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন।


হিমেল আহাম্মেদ 






















