নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটসংলগ্ন সড়কে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ছোটধলী গ্রামের বাসিন্দা ও দুবাইপ্রবাসী মো. আলা উদ্দিন ওরফে সুহেল প্রায় এক বছর আগে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার (১৯)-কে মুঠোফোনের মাধ্যমে বিয়ে করেন। প্রায় তিন মাস আগে সুহেল প্রবাস থেকে দেশে ফেরার পর তাঁদের মধ্যে বিভিন্ন কারণে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
এ ঘটনায় একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা থানায় আসেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়দাস গুপ্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন।
পরে উভয় পক্ষ থানা থেকে বের হওয়ার সময় রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে থানার গেটসংলগ্ন সড়কে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন, মো. আলা উদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।
কোম্পানিগঞ্জ থানা কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


হিমেল আহাম্মেদ 



















