নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মোক্তার আহমদ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন ৮ নম্বর পৌর ওয়ার্ডের নাপিতের পুল এলাকায় মোস্তফা মিয়ার তারা মঞ্জিলের সামনে ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় মোক্তার আহমদকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোক্তার আহমদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া তেলীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মনছুর আলী এবং মাতার নাম মৃত রাজিয়া বেগম।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।


হিমেল আহাম্মেদ 




















