সদর উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলা আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছেন হত্যা মামলার এক আসামি। তবে তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক শহীদুল ইসলাম।
পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
গতকাল ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে হাজিরা শেষে আদালতের হাজতখানায় নেওয়ার পথে শাহাদাত আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে আদালত ভবনের ফটকের সামনে থেকে আটক করা হয়।
পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, “মামলার শুনানি শেষে হাজতে নেওয়ার পথে আসামি পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত ধাওয়া দিয়ে তাকে আটক করে।”
