নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল রোডে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ২২মে শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে বালু পরিবহন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটিটি উপড়ে সড়কের ওপর পড়ে যায় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, ঘটনাটি ভোরবেলায় ঘটায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে। দিনের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটলে হাসপাতাল রোডে চলাচলকারী পথচারী, রোগী ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভবিরাজ করছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগেও একই সড়কে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন। এরপরও ঝুঁকিপূর্ণভাবে ভারী যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় প্রতিনিয়ত বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে জনবহুল এলাকায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ বালু পরিবহন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন, “এভাবে যদি প্রতিদিন বাজারের ওপর দিয়ে বালুর গাড়ি চলাচল করে, তাহলে সামনে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। দ্রুত ব্যবস্থা না নিলে জনগণ নিজ উদ্যোগে আন্দোলনে নামতে বাধ্য হবে।”
দুর্ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত খুঁটি অপসারণ ও নতুন খুঁটি স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

