নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নলদিয়া এলাকায় শিশুটিকে ফুঁসলিয়ে একটি শয়নকক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করার অভিযোগ ওঠে হৃদয়ের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সেনবাগ প্রতিনিধি 



















