নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই বাড়ির কয়েকজনের সঙ্গে শহীদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জেরে নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে গেলে বাধা দেন শহীদুল। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহীদুল ইসলাম ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেম জড়িত।
নিহতের স্বজন মো. সোহেল জানান, নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে এলে শহীদুল ইসলাম বাধা দেন। এ সময় তাকে ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। পরে শহীদুলকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


বেগমগন্জ প্রতিনিধি 





















