নোয়াখালীর সদর উপজেলার সুধারাম মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামীয়া মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নূরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুধারাম থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার (এলাহী বক্স মিয়ার বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত সামসুদ্দিন এবং মাতা মৃত সালেহা খাতুন।
অভিযানকালে আটক ব্যক্তির হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ তাকে একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ ও নিয়মিত অভিযান জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

