নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬জুন মঙ্গলবার বিকেল ৪টা নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ, মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে নোয়াখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জনসেবা নিশ্চিতকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশি সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সহযোগিতা ও পারস্পরিক আস্থা জননিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবাকে আরও কার্যকর করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

