নোয়াখালী সদর উপজেলায় আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় একটি ফার্মেসির পেছনের চেম্বার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ আল সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফার্মেসির মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে সাইফ দোকানের পেছনের চেম্বারে যায়। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে তাকে দেখতে না পেয়ে মালিক খোঁজাখুঁজি শুরু করেন। পরে চেম্বারে গিয়ে তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। টাকা না পাওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
তবে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


হিমেল আহাম্মেদ 

















