নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর বাম পা ও রান আহত হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। বর্তমানে তাঁর একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।
শনিবার রাতে বাড়ির পাশের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম পা ও রান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুই ব্যক্তি হঠাৎ এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি- 





















