নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৫৪) গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের জাতীয় হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি হাজী আবুল কাশেম নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাতে তিনি সমিতির কার্যালয়ে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে সহযোগী ও হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টুকে নিয়ে কার্যালয় থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় ইয়াছিন সেন্টু আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়াছিন সেন্টুকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন,
“দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান বলেন,
“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তাঁর সহযোগীর বুকে লাগে।”

