নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-৩।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) এবং মো. আবু সাইদহ ওরফে সাবিনুর (৪৫)।
র্যাব জানায়, বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর বড় বাড়ির সামনে থেকে বিকেল সাড়ে ৩টার দিকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
তিনি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) হত্যা মামলার আসামি। অভিযোগ রয়েছে, গত বছরের ২৬ নভেম্বর টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিমকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কালারাইতা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফুরকান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি।
অপরদিকে, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সাইদহ ওরফে সাবিনুরকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে শাজাহানপুর এলাকায় সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “হত্যাকাণ্ডগুলোর পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

