হিমেল আহাম্মেদ-
জেলা পুলিশে কর্মরত নোয়াখালীর কবিরহাট উপজেলার কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম শুভ চট্টগ্রাম জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ ফটোগ্রাফার’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জনসচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিশেষ মুহূর্তগুলো দক্ষতা, নান্দনিকতা ও পেশাদারিত্বের সঙ্গে ক্যামেরাবন্দী করার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
মনিরুল ইসলাম শুভ নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামের আব্দুল মন্নানের বাড়ির বাসিন্দা। তিনি মোহাম্মদ জহির হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, নোয়াখালী জেলার জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই সাফল্যকে ঘিরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মদক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে ভবিষ্যতেও তিনি আরও সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করেছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।


