নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে নুহা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে শারীরিক নির্যাতন কিংবা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নুহা আক্তার উপজেলার মহাতাপুর গ্রামের মো. শাহাদাত হোসেন সুমন ও মৌসুমি আক্তারের মেয়ে। সে স্থানীয় মহাতাপুর তালিমুর কুরআন নুরানী ও হাফেজী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহাতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহাতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির রাস্তার ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
মরদেহ উদ্ধারের পর শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


নিজস্ব প্রতিবেদক 



















