নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ১৮ জনকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় ডিবি পুলিশ। পরে শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে।
শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়।
এরপর শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ পুরুষ ও সাত নারীকে আটক করে ডিবি পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


নিজস্ব প্রতিবেদক 


















