নোয়াখালীর সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই ডিমের চালানসহ জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় চোরাই ডিম বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ডিমের কেইস ও বিপুল পরিমাণ ডিম জব্দ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ ও নরসিংদীর মনোহরদী থানার তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক দুটি দল সেনবাগে আসে।
সেনবাগ থানা পুলিশের সহায়তায় দক্ষিণ বাজারের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই ডিমের একটি চালান ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সেনবাগ বাজারে জসিম উদ্দিন স্টোরে অভিযান চালিয়ে প্রায় ২৮ হাজার মুরগির ডিম ও ১০ হাজার কোয়েল পাখির ডিম জব্দ করা হয়েছে।
এছাড়া অভিযানের বিভিন্ন পর্যায়ে মোট ৫৪ হাজার মুরগির ডিম ও ১০ হাজার কোয়েল পাখির ডিম উদ্ধারের তথ্য পাওয়া গেছে। ডিম বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও ডিমের কেইসও জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, ছিনতাই মামলার তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে অভিযান চালানো হয়। সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় চোরাই মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া ডিমগুলো ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর মনোহরদী এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ী জসিম উদ্দিন ও তার ছেলে তুহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তুহিন বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ
উদ্ধার করা ডিম ও পিকআপ ভ্যানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এ চোরাই চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।


মোঃ হাবিবুর রহমান সেনবাগ (নোয়াখালী) 

















