নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনছুর হাজী বাড়ি ও পাগলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চরকাকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে মো. আজিজুল হক রবিন (২৫), একই ব্যক্তির ছেলে মো. রাব্বী (২৬) এবং আবুল বাশারের স্ত্রী বিবি কুলছুম (৪৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


শাহাদাত হোসেন রাসেল 

















