মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে হাতিয়া উপজেলার জোড়খালী বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোড়খালী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন মো. খোরশেদ আলম (৪৪)। তিনি মফিজুর রহমানের ছেলে। তার ঠিকানা জোড়খালী বাজার, ডাকঘর—হাতিয়া বাজার, ১ নম্বর হরণী ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযানের বিষয়ে তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।


হাতিয়া প্রতিনিধি. 




















