নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দেলিয়াই এলাকার উত্তর দেলিয়াই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার এসআই মোহাম্মদ শফিউল ইসলামের নেতৃত্বে এএসআই হেলালা উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উত্তর দেলিয়াই বাজারে মেজবান হোটেলের বিপরীতে শাহাব উদ্দিনের পান-সিগারেটের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. শাহাব উদ্দিন পূর্ব দেলিয়াই (দর্জি বাড়ি) এলাকার মন্তাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি চাটখিল থানার মামলা নম্বর-২২, তারিখ ২৮ আগস্ট ২০২৬।
চাটখিল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।


চাটখিল প্রতিনিধি- 






















