নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে এক কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২আগষ্ট ২০২৬
অভিযান চালিয়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর বালুয়া এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আসামী চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে থেকে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
পরে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা আমেনা খাতুন বাদী হয়ে ২ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) গ্রহণ করে।
মামলায় চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিম উদ্দিন (২২) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মো. রবিন (২৪)-কে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিঃদ্রঃ
এই প্রতিবেদনটি মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

