নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর চুরি হওয়া মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, জেলার হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকার রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেলও চুরি হয়। শুক্রবার চোরচক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেলটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে জয়দেবের কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরও মোটরসাইকেল ফেরত না দিয়ে টালবাহানা শুরু করলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে নির্দিষ্ট স্থানে ডেকে এনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ফয়সাল ও জাহাঙ্গীরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রথমে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে রাতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবের চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সম্প্রতি নোয়াখালী থেকেও তারা আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে।
তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
