নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লাইসেন্স নবায়ন না থাকা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং অনুমোদনহীন অতিরিক্ত শয্যা পরিচালনার অভিযোগে নিউ শমরিতা হাসপাতাল ও মেঘনা হসপিটাল-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা, রোগীদের প্রয়োজনীয় সেবা না দেওয়া, অতিরিক্ত বিল আদায় এবং প্রয়োজনীয় চিকিৎসক-নার্স না থাকার অভিযোগের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, মেঘনা হসপিটালে লাইসেন্স নবায়ন করা হয়নি, অনুমোদনের চেয়ে বেশি শয্যা পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় জনবল ও পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরনের অনিয়ম পাওয়ায় নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না করলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনহীন, জনবল সংকট ও রোগী হয়রানির অভিযোগ থাকা হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান অব্যাহত থাকবে।”
