আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু জায়েদ বলেন, “মাদকের করাল গ্রাসে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিকল্পিতভাবে দেশে মাদক সহজলভ্য করে যুবসমাজকে বিপথে নেওয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের মাদকের বিরুদ্ধে। যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদক কারবারীদের প্রশাসনের সহায়তায় আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানাই।”
উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, জিরতলী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, গোপালপুর ইউনিয়ন আমীর মাস্টার আবু তাহের, আমানউল্লাহপুর ইউনিয়ন আমীর আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. নুর নবী।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠনের সদস্যরা শতভাগ মাদকমুক্ত। যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ঘোষিত জিরো টলারেন্স নীতির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই।”
এ সময় যুব নেতা কামরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইসমাইল হোসেন বাবু, রবিন, রকি এবং স্থানীয় যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
