নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী এলাকায় নিজস্ব জমিতে ঘর নির্মাণে বাধা, সীমানা প্রাচীর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।
অভিযোগকারী ছালেহা খাতুন (৩৮) জানান, তার বড় ভাই প্রবাসী মো. নিজাম উদ্দিনের ক্রয়কৃত জমিতে দালানঘর নির্মাণের কাজ চলছিল। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন সময়ে নির্মাণকাজে বাধা দিয়ে আসছেন বলে তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুন নির্মাণাধীন ভবনের কাজের জন্য জমির পরিমাপ শেষে সীমানা প্রাচীর ঠিকঠাক রেখে আসা হয়। কিন্তু পরদিন সেখানে গিয়ে দেখা যায়, সীমানা প্রাচীরের কয়েকটি অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যেতে হলে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে ভবিষ্যতে কোনো ধরনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এছাড়া, বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
