নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম হাজীপুর এলাকার মমিন উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাজীপুর এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় নজরুল ইসলামকে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলতে দেখে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজে এ ধরনের অপরাধ রোধে প্রশাসন কঠোর স্থানে রয়েছে।”
অভিযানে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
