নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি-ডাকাতি, কিশোর গ্যাং তৎপরতা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে চুরি, ডাকাতি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

